সিলেট প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২২:২২ প্রিন্ট সংস্করণ
সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া জব্দকৃত ভাঙা পাথর নিলামে তুলছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদা পাথর এ নিলামে বিক্রি হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদের স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের জন্য বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত জমা দিতে হবে। একই সঙ্গে রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদ প্রদান করতে হবে। অংশগ্রহণকারীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন বাধ্যতামূলক।
রেজিস্ট্রেশন ও নাম এন্ট্রি কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সকাল ১১টায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে নিলাম কার্যক্রম শুরু হবে।
নিলামের বিস্তারিত শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhetsadar.sylhet.gov.bd) এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর ওয়েবসাইটে (www.bomd.gov.bd) পাওয়া যাবে।





















