ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২ মে ২০২৬ , ১০:১৩:২৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন লিটন। পথে ভূরুঙ্গামারী বাস টার্মিনালের কাছে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে লিটন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তির মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুরে রেফার করা হয়। পরে কিছু দূর যাওয়ার পর আবার হাসপাতালে ফিরিয়ে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















