নওগাঁ প্রতিনিধিঃ ১৫ মে ২০২৬ , ৪:০৭:০৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রসাদপুর খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর বকস মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদল নেতা মাস্টার এনামুল হক ও চাউল কল মালিক সামসুল আলম হেলাল প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২ হাজার ৭১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান খাদ্যগুদামে দিতে পারবেন। অন্যদিকে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাঠপর্যায়ের কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পান, সেই লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান শুরু করা হয়েছে। যদি লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হয়ে যায়, তবে আরও নতুন বরাদ্দ পাওয়া সম্ভব। এছাড়া কোনো প্রকার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই একজন কৃষক ঘরে বসে অনলাইনের মাধ্যমে শর্ত পূরণ করে ধান বিক্রির আবেদন করতে পারবেন।




















