সারাদেশ

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পূর্বনির্ধারিত নির্বাচনী জনসভার পরিবর্তে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান শরাফী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আজ আমার মন ভারাক্রান্ত। আমার নেত্রী, আমার মা—বেগম খালেদা জিয়া—অত্যন্ত অসুস্থ। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, তিনি এ দেশের আশার প্রতীক। বিএনপির সুদিন আসছে—আল্লাহ যেন তাঁকে সেই দিনটি দেখার সুযোগ দেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রার্থী আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতীদল ও শ্রমিকদলসহ দেবহাটা উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আব্দুস সাত্তার।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “তিনি শুধু বিএনপির নয়, গণতন্ত্রপ্রিয় প্রতিটি নাগরিকের প্রেরণার উৎস। তাঁর সুস্থতা মানেই গণতন্ত্রের সুস্থতা।”

আরও খবর

Sponsered content