মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৯:৫৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) এবং একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে গাফ্ফর শেখ (৫০)।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে সাধুর মোড় এলাকার মেজর শামসের বাসার গ্যারেজ থেকে মাকসুদা খাতুনের ছেলের ব্যবহৃত সাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে গিয়ে মৌখিক অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর সেদিন রাতেই ডিবি পুলিশের এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে টাইগার রুবেলকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে রুবেল চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, সাইকেলটি মাত্র ৯০০ টাকায় গাফ্ফর শেখের ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাফ্ফর শেখকেও গ্রেপ্তার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা দায়ের হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।




















