প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৬:০০:২২ প্রিন্ট সংস্করণ
ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও অলংকৃত রেসলার জন সিনা আনুষ্ঠানিকভাবে রিংকে বিদায় জানিয়েছেন। এক বছরব্যাপী বিদায়ী সফরের শেষ পর্বে ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের শেষ ম্যাচ খেলেন তিনি। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ১৯ হাজারের বেশি দর্শকের সামনে আবেগঘন সেই ম্যাচে গুন্থারের কাছে হেরে যান ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
ক্যারিয়ারের শেষ ম্যাচে সিনা গুন্থারের কাছে ট্যাপ আউট করেন-যা তার ক্যারিয়ারে মাত্র চতুর্থবার এবং দীর্ঘ ২১ বছর পর প্রথম। সর্বশেষ ২০০৪ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে তিনি ট্যাপ আউট করেছিলেন।
ম্যাচজুড়ে সিনা নিজের পরিচিত একাধিক সিগনেচার মুভ-‘ফাইভ নাকল শাফল’ ও ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগের চেষ্টা করেন। তবে ‘রিং জেনারেল’ খ্যাত গুন্থারের একের পর এক স্লিপার হোল্ডে শেষ পর্যন্ত টিকতে পারেননি। একাধিকবার গ্রিপ ছুটিয়ে বেরিয়ে এলেও শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে তিনি ট্যাপ আউট করেন।
গুন্থার রিং ছাড়ার পর ডব্লিউডব্লিউই লকার রুমের প্রায় সব রেসলার রিংয়ে এসে জন সিনাকে শেষবারের মতো বিদায় জানান। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক ও আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস সিনাকে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট পরিয়ে দেন-শেষবারের মতো।
তবে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ডব্লিউডব্লিউই-এর চিফ কনটেন্ট অফিসার পল ‘ট্রিপল এইচ’ লেভেস্কে মঞ্চে এলে সিনাপন্থী দর্শকরা তাকে দুয়ো দেয় এবং ‘বুলশিট’ ও ‘ইউ ফ***ড আপ’ স্লোগানে ক্ষোভ প্রকাশ করে।
এরপর বড় পর্দায় ভেসে ওঠে জন সিনার দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর একটি ভিডিও মন্টাজ। সেখানে তার ক্যারিয়ারের নানা পর্যায়ের রেসলারদের পাশাপাশি সাবেক ডব্লিউডব্লিউই কর্মকর্তা ভিন্স ম্যাকমাহনের একটি পুরোনো ক্লিপও দেখানো হয়।
বিদায়ের প্রতীকী মুহূর্তে সিনা নিজের জুতো ও কবজির ব্যান্ড খুলে রিংয়ের মাঝখানে রেখে যান। দর্শকদের অভিবাদন গ্রহণ করতে করতে তিনি র্যাম্পের দিকে হাঁটেন। শেষে ক্যামেরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলেন, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে গর্বিত। ধন্যবাদ।’
এরপর ক্যামেরা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়, আর জন সিনা চিরতরে রিং ছাড়েন।
উল্লেখ্য, ২০২৫ সালে এটি গুন্থারের দ্বিতীয় ‘বিদায়ী ম্যাচ নষ্ট’ করা জয়। এর আগে তিনি কিংবদন্তি বিল গোল্ডবার্গকেও তার শেষ ম্যাচে হারিয়েছিলেন।
এই হার দিয়ে শেষ হলো জন সিনার নাটকীয় ২০২৫ সাল। মার্চে এলিমিনেশন চেম্বারে ক্যারিয়ারের প্রথমবারের মতো হিল চরিত্রে রূপ নেন তিনি। এরপর রেসলম্যানিয়ায় কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড শিরোপা জিতে ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব শিরোপাধারী হন। সামারস্ল্যামে রোডস আবার শিরোপা পুনরুদ্ধার করেন। আর বস্টনে নিজ শহরে ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে জেতা শিরোপাটিই হয়ে থাকে সিনার শেষ চ্যাম্পিয়নশিপ।



















