সারাদেশ

সিলেট টিটিসির ইন্সট্রাক্টর ওমর ফারুকের বদলিতে মিষ্টি বিতরণ, স্বস্তি প্রকাশ সচেতন মহলের

  সিলেট প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৫:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর দীর্ঘদিনের ক্ষমতাধর ইন্সট্রাক্টর মো. ওমর ফারুকের বদলির খবরে সিলেটে স্বস্তি প্রকাশ করেছে বিভিন্ন মহল। এ উপলক্ষে সিলেট নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গার্ডেন টাওয়ার এলাকায় নির্যাতিত ও হয়রানির শিকার ব্যক্তিদের মাঝে মিষ্টি বিতরণ করেন সিলেট নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমদ খাঁন। এ সময় পথচারী ও আশপাশের মার্কেটের ব্যবসায়ীরাও মিষ্টি বিতরণে অংশ নেন। আয়োজকরা জানান, সিলেটবিদ্বেষী ও ক্ষমতাধর এক আওয়ামী লীগপন্থি কর্মকর্তার বদলিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা যায়, সিলেট টিটিসিতে টানা প্রায় ১৮ বছর কর্মরত ইন্সট্রাক্টর (কম্পিউটার অপারেশন) মো. ওমর ফারুককে নেত্রকোনা টিটিসিতে বদলি করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে স্মারক নং ৪৯.০১০০০০.০০২.১৯.০০১.২০(২৩৪০) মূলে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। পরবর্তীতে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএমইটির সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আনাম যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে জনস্বার্থে আদেশটি তাৎক্ষণিক কার্যকর করেন।

অভিযোগ রয়েছে, মো. ওমর ফারুক দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সিলেট টিটিসিতে আধিপত্য বিস্তার করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ও সুপারিশ ব্যবহার করে তিনি একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন বহাল থাকেন। ২০২২ সালে বদলির আদেশ হলেও বিএমইটির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তা কার্যকর হয়নি বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থাকার সুবাদে তার বিরুদ্ধে দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সিন্ডিকেট গড়ে তোলা, স্থানীয় জনগণের সঙ্গে দুর্ব্যবহার, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ এবং প্রশিক্ষণার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার মতো নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

এছাড়া সিলেট টিটিসির বর্তমান অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগও উঠে এসেছে। দু’জনের প্রভাবেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় ছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

ওমর ফারুকের বদলির মাধ্যমে সিলেট টিটিসিতে সুশাসন ও স্বচ্ছতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন সিলেটের সচেতন নাগরিক সমাজ।

আরও খবর

Sponsered content