নওগাঁ প্রতিনিধিঃ ১৩ এপ্রিল ২০২৬ , ১০:৩১:১৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা চাঁপাইনগর থেকে আধাইপুর পর্যন্ত ৭৫০ মিটার গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “সরকার গ্রামীণ অবকাঠামো ও কৃষি খাতকে শক্তিশালী করতে কাজ করছে। এই খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাবেন। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি পলি জমে ভরাট হয়ে গিয়েছিল। ফলে বর্ষায় জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হতো। চাঁপাইনগর এলাকার কৃষক মামুন বলেন, “খালটি খনন হলে আমাদের আবাদ অনেক ভালো হবে।”
সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে কয়েকশ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে। তবে স্থানীয় সচেতন মহল কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।





















