মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এমপিওভুক্ত তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয়ে টানা আট মাস ধরে বেতন-ভাতা না পেয়ে চরম মানবিক সংকটে পড়েছেন ১৭ জন শিক্ষক ও কর্মচারী। এর মধ্যে ১১ জন শিক্ষক এবং ৬ জন কর্মচারী রয়েছেন।
দীর্ঘদিন বেতন না পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের পরিবারে দেখা দিয়েছে চরম আর্থিক দুরবস্থা। অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন, কেউ কেউ চিকিৎসা করাতেও হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীদের দাবি, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনাই এ সংকটের মূল কারণ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাস উদ্দিন জানান, “সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো সমাধান আসেনি।”
শিক্ষক জিয়াউর রহমান বলেন, “আমরা লিখিত অভিযোগ দিয়েছি, তবুও কোনো ফল পাওয়া যায়নি।”
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ের বেতন-ভাতা আত্মসাতের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা অবিলম্বে তদন্ত কমিটি গঠন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




















