সারাদেশ

দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ১৯ মে ২০২৬ , ২:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় ভোলাগঞ্জ এলাকার ধলাই সেতুর সামনে মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ইভটিজিংবিরোধী বক্তব্য দেন এবং অভিযুক্তদের বিচারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েকশ মালবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাদাপাথর ভ্রমণে আসা পর্যটকরা।

জানা গেছে, গত ১২ মে কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দাখিল পরীক্ষা চলাকালে পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হন বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, কাঠালবাড়ী এলাকার কয়েকজন ছাত্র ও বহিরাগত এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরবর্তীতে ১৪ মে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ওপর ইভটিজিং ও হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র শফি সাইদ নাইম, রুহান আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

মানববন্ধনের আগে শিক্ষার্থীরা নোয়াগাঁও মাদ্রাসা থেকে মিছিল নিয়ে ভোলাগঞ্জ পয়েন্ট হয়ে ধলাই সেতুর সামনে অবস্থান নেন।

আরও খবর

Sponsered content