মোঃ নুরুজ্জামান শেখ , গাজীপুর ১৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩৮:২২ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকার ‘মা টাওয়ার’ ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ করে অন্তত অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কারখানাটিতে কাজ চলাকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালগুলোতে চিকিৎসকের পর্যাপ্ততা না থাকায় অধিকাংশ রোগীকে পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও শ্রমিকরা কাজে যোগ দেন। কাজ শুরুর কিছু সময় পর একে একে শ্রমিকদের মাথা ঘোরা, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাধারণ ছুটি ঘোষণা করে এবং অসুস্থ শ্রমিকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
কয়েকজন শ্রমিক জানান, কারখানার ভেতরে ব্যবহৃত কোনো রাসায়নিক পদার্থ থেকে গ্যাস উৎপন্ন হয়ে তা ছড়িয়ে পড়ার কারণেই এ অসুস্থতার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রচণ্ড গরম ও কারখানার ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচল না থাকাই অসুস্থতার অন্যতম কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ এ ধরনের ঘটনার কারণ অনুসন্ধানে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





















