সারাদেশ

হাতিবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষে অন্তত ১০ জন আহত, প্রশাসনের কঠোর অবস্থান

  লালমনিরহাট প্রতিনিধি— ২৫ জানুয়ারি ২০২৬ , ৫:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ


লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি কঠোর অবস্থান নিয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও খবর

Sponsered content