নওগাঁ প্রতিনিধিঃ ৫ মার্চ ২০২৬ , ৩:২৫:১৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁ সদর উপজেলায় একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকস নামের ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানকালে প্রথমে ইটভাটাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পরবর্তীতে এক্সকেভেটরের মাধ্যমে ইটভাটার চুল্লি (কিলন) ও চিমনি ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে সহযোগিতা করে নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটেলিয়ান আনসার ও ফায়ার সার্ভিস।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















