হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। সংগঠনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) গ্রামের প্রধান প্রবেশপথ থেকে সুইচগেট পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মো. কেফায়েত উল্লার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. দরবেশ মিয়া এবং দপ্তর সম্পাদক মো. জাহিদ।
এ সময় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো. টেনু মিয়া, মো. তাহির মিয়া, মো. সেলিম মিয়া এবং সমাজসেবক মো. জুনাইদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কর্মসূচির আওতায় ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে দুটি কৃষ্ণচূড়া গাছ এবং সড়কের দুপাশে বিভিন্ন সৌন্দর্যবর্ধক ও ফলজ গাছ রোপণ করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি গ্রামের প্রবেশপথে নামফলকসহ গেইট নির্মাণ এবং বিদ্যালয় সংলগ্ন এলাকায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।