খেলাধুলা

শততম ফিফটি করে বাবরের ইতিহাস

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১২:১০:৩০ প্রিন্ট সংস্করণ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সূচনা পেয়েছে পেশোয়ার জালমি। সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে দলটি, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।

বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে আট উইকেটে হারায় জালমি। ওপেনার বাবর আজম ৫১ বলে অপরাজিত ৭১ রান করে দলের জয় নিশ্চিত করেন। এটি ছিল এবারের আসরে তার দ্বিতীয় অর্ধশতক।

৩১ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ এই ইনিংসের মাধ্যমে একটি বিশেষ রেকর্ড গড়েছেন। তিনি টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে চতুর্থ ও প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে শততম অর্ধশতক পূর্ণ করেছেন। তার আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি এবং ইংল্যান্ডের জস বাটলার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের রেকর্ড বর্তমানে ওয়ার্নারের দখলে, যার নামের পাশে রয়েছে ৪৩৬ ম্যাচে ১১৬টি অর্ধশতক। দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি, তিনি ৪১৯ ম্যাচে করেছেন ১০৭টি অর্ধশতক।

চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বাবর আজম বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয় ইনিংসে তার সংগ্রহ ৩০১ রান। তার সতীর্থ কুশল মেন্ডিস ছয় ইনিংসে ৩৩০ রান করে তালিকার শীর্ষে অবস্থান করছেন।

আরও খবর

Sponsered content