প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ১১:৩২:১০ প্রিন্ট সংস্করণ
অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বছরের সেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার খেলাধুলার অস্কার খ্যাত লরিয়াস জিতেছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে দুর্দান্ত অবদান রেখে তিনি নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বার্সেলোনার হয়ে ইয়ামাল মৌসুমে তিনটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।
দারুণ সৃজনশীল এই উইঙ্গার ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন অনন্য। ফেব্রুয়ারিতে আলাভেসের বিপক্ষে এক ম্যাচে তিনি লিগে লিওনেল মেসির করা সফল ড্রিবলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।
মাত্র ১৫ বছর বয়সে ২০২৩ মৌসুমে বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছেন ইয়ামাল। গত বছর তিনি ব্যালন ডি’অর পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং কোপা ট্রফি দু’বার জিতেছেন।
এর ফলে টানা তৃতীয়বারের মতো কোনো ফুটবলার বর্ষসেরা নবাগত ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন। এর আগে ২০২৪ সালে এই সম্মান জিতেছিলেন জুড বেলিংহাম। সাম্প্রতিক বছরগুলোতে এই পুরস্কারে ফুটবলারদের প্রাধান্যই দেখা যাচ্ছে।
অন্যদিকে, একই সংস্থার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ।
তিনি এই পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকা ইয়ানিক সিনার, মার্ক মার্কেজ, ওসমান দেম্বেলে, মন্ডো ডুপ্লান্টিস এবং তাদেই পোগাচারকে পেছনে ফেলেন।
আলকারাজের মৌসুম ছিল দারুণ সফল। তিনি মোট আটটি শিরোপা জেতেন, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি গ্র্যান্ড স্ল্যাম—রোলাঁ গারো এবং যুক্তরাষ্ট্র ওপেন।
এই পুরস্কারটি তাকে তুলে দেন পর্তুগালের কিংবদন্তি লুইস ফিগো এবং স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
সব মিলিয়ে ইয়ামাল ও আলকারাজ—দুজনের জন্যই এটি ছিল স্মরণীয় এক রাত।




















