সাতক্ষীরা প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৭:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কাঁচা তুলা আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।
ভোমরা কাস্টম হাউজ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৮১৩ টন কাঁচা তুলা আমদানি হয়েছে, যার বাজারমূল্য ৪৫ কোটি ৯১ লাখ টাকা। অথচ গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৫৫৬ টন, যার মূল্য ছিল ৮৫ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৭৪৩ টন।
ব্যবসায়ী ও আমদানিকারকদের মতে, দেশের টেক্সটাইল খাতে চাহিদা কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে তুলা আমদানিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
ভোমরা বন্দরের তুলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী পরিতোষ কুমার জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় মিলগুলোয় তুলার চাহিদা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে আমদানিতে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও তুলার দামে পতন লক্ষ্য করা গেছে। ভারতে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে তুলার দাম প্রায় ২০ শতাংশ কমেছে। গত বছর প্রতি পাউন্ড তুলা ১১৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা প্রায় ৯৫ টাকায় নেমে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, গত এক থেকে দেড় বছর ধরে দেশের পোশাক ও সুতা উৎপাদন খাত নানা সংকটে রয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় কাঁচামাল হিসেবে তুলার চাহিদা কমে গেছে, যার প্রভাব পড়েছে আমদানিতে।




















