সারাদেশ

‘দালাল নয়, আমরা পেশাজীবী’ শিরোনামে তেঁতুলিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

  মো. মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার : ১১ মে ২০২৬ , ৬:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) তেঁতুলিয়া উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ছিল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হওয়া সত্ত্বেও সমাজে তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। তারা এ ধরনের ভুল ধারণা দূর করে পেশাগত সম্মান নিশ্চিতের দাবি জানান।

কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ সৃষ্টি এবং পেশাগত অধিকার আদায়ে সারাদেশে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখা।

তেঁতুলিয়া উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, “আমরা দালাল নই, আমরা শিক্ষিত পেশাজীবী। দেশের স্বাস্থ্যসেবা খাতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ এখনো আমাদের যথাযথ সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়নি।”

বক্তারা আরও বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেলে পরিচালিত যৌথ অভিযানে ৩০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা ফারিয়ার সভাপতি মামুন মানিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

এ সময় বক্তারা ভবিষ্যতে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন।

আরও খবর

Sponsered content