সারাদেশ

ঘুষ ও দুর্নীতির অভিযোগে আলোচনায় সাহতা ইউনিয়ন ভূমি অফিস, তদন্তের আশ্বাস ইউএনওর

  নেত্রকোনা প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৭:৫৯:১৬ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে ঘুষ ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত সেবা পেতে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি এবং দালাল চক্রের মাধ্যমে অনিয়মের অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহানা আক্তারকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহানা আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেন নিয়ে একটি দরবার-সালিশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানা যায়, নামজারি, জমাভাগ, খাজনা পরিশোধ, খসড়া পর্চা উত্তোলনসহ বিভিন্ন ভূমি সেবায় সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত অর্থের বাইরে টাকা না দিলে ফাইলের কাজ দীর্ঘসূত্রতায় ফেলে রাখা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসে কাজের জন্য একটি দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওই সিন্ডিকেটের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে কাজের চুক্তি করা হয়। অনেকের দাবি, অতিরিক্ত অর্থ দেওয়ার পরও তারা কাঙ্ক্ষিত সময়ে সেবা পাননি এবং বারবার হয়রানির শিকার হয়েছেন।

কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারি বা খারিজের আবেদন নিয়ম অনুযায়ী করা হলেও তদন্ত প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়। এতে আবেদন বাতিল হয়ে যায় এবং পরে দালালদের মাধ্যমে যোগাযোগ করে অতিরিক্ত অর্থ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, “ঘুষ ছাড়া কোনো কাজ এগোয় না। সরকারি নিয়মের বাইরে চুক্তিভিত্তিক অর্থ আদায় করা হচ্ছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে সাহতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহানা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। তবে বিষয়টি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে ভূমি সেবা পেতে পারেন।

আরও খবর

Sponsered content