নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৯:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ জেলায় বিশেষ কল্যাণ সভা ও কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান।
ডিআইজির হবিগঞ্জ আগমন উপলক্ষে আয়োজিত এ বিশেষ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং পেশাগত দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন এসআই মো. মৃদুল হাসান তরফদার।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পান এএসআই মো. হেলাল মিয়া। এছাড়া অনলাইন কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অংশগ্রহণের জন্য পুরস্কৃত হন এসআই মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে ডিআইজি মো. জিল্লুর রহমান বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশকে আরও পেশাদার, দায়িত্বশীল এবং মানবিক হতে হবে। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
তিনি পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “চুনারুঘাট থানার সব পুলিশ সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় আমি এ সম্মাননা পেয়েছি। এটি শুধু আমার একার অর্জন নয়, পুরো থানার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
তিনি ভবিষ্যতেও জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




















