প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৭:৩৮:৩৬ প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার পাইন্দং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ ইউপিডিএফ (মূল) দলের নেতা জিমিত চাকমাকে আটক করেছে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী।
আজ শুক্রবার গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারার পাইন্দং এলাকায় দুটি সশস্ত্র আঞ্চলিক গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে গুইমারা বিজিয়নের সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তল্লাশিঅভিযান পরিচালনার সময় ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার জিমিত চাকমাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে নিরাপত্তাবাহিনী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ সময় তার কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি পিস্তল, গোলাবারুদ ও ইউপিডিএফের দলীয় বইপুস্তকসহ চাঁদা আদায়ের নথিপত্র উদ্ধার করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত জিমিত চাকমা গত বছর খাগড়াছড়িতে সংঘটিত ছাএ আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও সংগঠক ছিলেন। এছাড়াও তিনি বহুল আলোচিত রামসু বাজার সহিংসতা এবং ৩ জন আদিবাসী হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আহত জিমিত চাকমাকে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, আটককৃত জিমিত চাকমাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তানর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৭ টি মামলা রয়েছে। তারমধ্যে ২ টি মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। আজকের ঘটনায় গুইমার থানায় মামলার প্রস্তুতি চলছে।




















