সারাদেশ

নওগাঁয় রাকাবের বৈশাখী মেলায় ১১ কোটি ২০ লাখ টাকা ঋণ আদায়

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৭:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ


নওগাঁয় উৎসবমুখর পরিবেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সমাপনী অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ বিপুল ঋণ আদায় ও মুনাফার তথ্য প্রকাশ করে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বিশেষ ক্যাম্পে নওগাঁ জোনে মোট ১১ কোটি ২০ লাখ টাকা ঋণ আদায় হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের বকেয়া বা খেলাপি ঋণ আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। প্রথম দিনেই নওগাঁ সদর শাখায় সরাসরি ৫২ লাখ টাকা আদায় হয়।

এদিকে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রাকাব নওগাঁ জোন ব্যাংকিং কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জোনটিতে ৪৫০ কোটি টাকার আমানত অর্জনের পাশাপাশি ১০ কোটি টাকা মুনাফা হয়েছে। এ অর্জনের মাধ্যমে রাকাবের সব জোনের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে নওগাঁ।

উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকসহ জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন, “গ্রাহকসেবায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবারের হালখাতায় গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে চাই।”

রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণ কমানো। গ্রাহকদের অংশগ্রহণে বোঝা যাচ্ছে ব্যাংকের প্রতি তাদের আস্থা বেড়েছে। নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে কৃষকরা নতুন ঋণ সুবিধা নিতে পারবেন।”

প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে রাকাব জোনভিত্তিক হালখাতা ও বৈশাখী মেলার আয়োজন করে থাকে। এবারের মেলায় বিপুল ঋণ আদায় ও মুনাফা অর্জনের ফলে ব্যাংকের তারল্য ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content