বিনোদন

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

  প্রতিনিধি ২১ মে ২০২৬ , ১১:৪৩:২০ প্রিন্ট সংস্করণ

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‎বুধবার রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‎আরণ্যকের সদস্য নাট্যকার ও নাট্যাভিনেতা অপু মেহেদী জানান, আজ বৃহস্পতিবার দিলু মজুমদারের প্রথম জানাজা জোহরের নামাজের পর, এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের (কার্গো পার্কিং) সামনে। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া দ্বিতীয় জানাজা হবে বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে।

মামুনুর রশীদ জানান, এই অভিনেতার ছেলে দেশে পৌঁছানোর পরে আগামীকাল শুক্রবার তাকে উত্তরাতেই দাফন করা হবে।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎

দীর্ঘ অভিনয় জীবনে তিনি মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা। বিশেষ করে নাট্যদল আরণ্যের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।