বিনোদন

অভিনয়ে জায়েদ খানের সঙ্গে নিউইয়র্কের মেয়র মামদানি

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ১২:২০:০৩ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই ভক্তদের দিচ্ছেন একের পর এক চমক! এবার একটি শর্টফিল্মে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে অভিনয় করেছেন তিনি।

জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মের শিরোনাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে প্রকাশ পেয়েছিল এই সিরিজের প্রথম পর্ব।

জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।’

এই শর্টফিল্মে মামদানি যুক্ত হলেন কীভাবে- জানতে চাইলে জায়েদ বলেন, ‘এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।’

তিনি আরও বলেন, ‘তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। তবুও অভিনয় করার সময় তিনি বারবার পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’

নায়ক জানান, শর্টফিল্মটি মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি ঠিকানার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

আরও খবর

Sponsered content