প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৭:৫১:২২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন,“বিএনপি কখনোই আওয়ামী লীগের ধারায় দেশ শাসন করেনি, আগামীতেও তা করবে না।”
সোমবার দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদোজ্জা বুলু, এবং ‘আমাদের নূরুল হুদা টিম’-এর সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নূরুল হুদা বাবু বলেন,“বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। পার্বতীপুর ও ফুলবাড়ী অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা এখন মাদকাসক্তি। তরুণ প্রজন্মকে এই জীবননাশী প্রবণতা থেকে মুক্ত করতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।”
তিনি আরও বলেন,“স্থানীয়ভাবে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে যুবসমাজকে উৎপাদনমুখী কাজে যুক্ত করা সম্ভব হবে। আমি জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে পার্বতীপুর-ফুলবাড়ীকে একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক অঞ্চলে রূপান্তর করতে চাই।”
নূরুল হুদা বাবু প্রতিশ্রুতি দেন,“জনগণের যেকোনো সমস্যা বা সংকটে আমি সর্বদা পাশে থাকব। এখানে উন্নয়নের কোনো বৈষম্য থাকবে না—সবাই সমান সুযোগ পাবে।”
মতবিনিময় সভায় পার্বতীপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














