সারাদেশ

সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার, মিলেছে একাধিক চিরকুট

  বরিশাল প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল নগরীর প্যারারা রোডে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) লাশ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনাস্থল থেকে একাধিক চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, উদ্ধার করা চিরকুটগুলোর হাতের লেখা পুলক চ্যাটার্জির। এর মধ্যে একটি ‘সুইসাইড নোট’ হিসেবে লেখা, যেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্যারারা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় সমকাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও বরিশালের সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে যান।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম রাতে বলেন, ‘ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করে দেখছি।’

পরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।

পুলক চ্যাটার্জির ছোট ভাই ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জি উদ্ধার করা চিরকুটগুলো দেখেছেন।  তিনি  বলেন, চিরকুটগুলোর হাতের লেখা তার ভাইয়ের।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ‘সুইসাইড নোট’ শিরোনামের চিরকুটে পুলক চ্যাটার্জি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। সেখানে নিজের শারীরিক অসুস্থতা এবং ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার বিষয় উল্লেখ করেছেন।

জাকির নামে একজনকে উদ্দেশ করে লেখা আরেকটি চিরকুটে প্রশাসনিক হয়রানি ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং ময়নাতদন্ত না করার অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সাংবাদিকেরা জানান, এস এম জাকির হোসেন বর্তমানে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক। পুলক চ্যাটার্জির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানান তারা।

আরেকটি চিরকুটে মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলক চ্যাটার্জি বলে জানা গেছে।

সাবেক সহকর্মী ও সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরীর উদ্দেশে লেখা একটি চিরকুটে সমকাল কার্যালয়ে তার পাওনা টাকা আদায় করে পরিবারকে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সুমন চৌধুরী বলেন, ‘সমকালের কাছে পুলক চ্যাটার্জির কত টাকা বকেয়া আছে, তা আমি জানি না।’

প্রত্যেক চিরকুটের নিচে পুলক চ্যাটার্জির স্বাক্ষর ও তারিখ রয়েছে বলে জানা গেছে।

পুলক চ্যাটার্জি একসময় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের দিকে তাকে প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।

তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা চিরকুটগুলো পর্যালোচনা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও খবর

Sponsered content