সারাদেশ

বৃষ্টিতে হাঁটুসমান কাদা, দুর্ভোগে চার গ্রামের মানুষ

  নওগাঁ প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৫:০৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদায় পরিণত হয় গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চার গ্রামের কয়েক হাজার মানুষ। বৃষ্টি হলেই সড়কটির বেহাল অবস্থার কারণে ওই এলাকার যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের হাট ফতেপুর থেকে পারশিমলা গ্রামে যাওয়ার সড়কের প্রায় আধা কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। হাট ফতেপুর থেকে আবিদপাড়া ক্লিনিক পর্যন্ত সড়কের কিছু অংশে ইট বিছানো (এইচবিবি) থাকলেও সেখান থেকে নতুন নির্মাণাধীন পাকা সড়কের সংযোগস্থল পর্যন্ত পুরো অংশ এখনো কাঁচা। সামান্য বৃষ্টিতেই ওই অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গভীর কাদায় পরিণত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পর সড়কের কাঁচা অংশ কাদায় একাকার হয়ে যায়। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় রিকশা, ভ্যান ও বাইসাইকেল চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও বয়স্ক মানুষ।

স্থানীয় কৃষকেরাও পড়ছেন বিপাকে। কাদায় ভরা সড়ক দিয়ে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে অনেক সময় অতিরিক্ত পরিবহন ব্যয় গুনতে হচ্ছে। এতে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

জনদুর্ভোগ কমাতে স্থানীয় সমাজসেবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর আগে নিজেদের উদ্যোগে কয়েক দফা সড়কটিতে ইট ফেলে সংস্কারের চেষ্টা করেছেন। তবে অতিরিক্ত কাদা ও বৃষ্টির কারণে এসব উদ্যোগ স্থায়ী হয়নি।

এলাকাবাসীর দাবি, চার গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কের কাঁচা অংশটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম বলেন, ‘সড়কটির করুণ দশার বিষয়টি ইতিমধ্যে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।’

আরও খবর

Sponsered content