এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ১২ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজা ও ২০২টি ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুনা বেগম (৪৫), মোসা. মিম আক্তার (২৩), রায়হান (২২) ও মো. রাজিব আকন (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ২০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলী এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন পালিয়ে যান। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।





















