মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৩০ মে ২০২৬ , ৭:০৬:২৯ প্রিন্ট সংস্করণ
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্যারিয়ার উন্নয়নে একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ROLE উত্তরিয় ও গৌড়ের যৌথ সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং ROLE উত্তরিয়ের প্রতিষ্ঠাতা মো. বায়েজীদ সরকার। বিশেষ বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহকারী পরিচালক মো. শরীফতুল্লাহ।
এছাড়াও বক্তব্য দেন ROLE উত্তরিয়ের দেওয়ান অমি (ঢাকা বিশ্ববিদ্যালয়, এমএসসি-মালয়েশিয়া), ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মো. তাজকিরুল ইসলাম, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. ইউসুফ আলী, জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের নয়বারের স্বর্ণপদকজয়ী মাউনজেরা বর্না, জার্মানিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় অধ্যয়নের সুযোগপ্রাপ্ত মো. নূর আলম এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ROLE উত্তরিয়ের সদস্য শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ, উপস্থাপক উম্মে তাবাসসুম ঊর্মি, কনটেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। সেমিনারে শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করেন।
সেমিনারে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।
বক্তারা বলেন, উত্তরবঙ্গের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ROLE উত্তরিয় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা আরও জানান, সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, চাকরির প্রস্তুতি, বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণাবিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ROLE Bankers Forum এবং ROLE Business Forum-এর মাধ্যমে পেশাজীবীদের জন্যও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বক্তারা উল্লেখ করেন, উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ROLE উত্তরিয়।
আয়োজকরা জানান, ROLE উত্তরিয়ের ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরি, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারবিষয়ক তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করা হয়, যা থেকে উপকৃত হচ্ছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিজীবী। ভবিষ্যতে উত্তরবঙ্গের ঘরে ঘরে শিক্ষার আলো এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।














