প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১১:০০:০৭ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর হেড কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া। সোমবার তিউনিসিয়া ফুটবল ফেডারেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
আরবি ভাষায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সমঝোতা হয়েছে।’
বিবৃতিতে আরও জানানো হয়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে মুনধের কেবাইয়ারকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রুপ পর্বে তিউনিসিয়ার সামনে এখন আরও দুটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার তারা একই ভেন্যুতে জাপানের মুখোমুখি হবে। এরপর ২৫ জুন শেষ গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
৫৪ বছর বয়সী লামুশি চলতি বছরের জানুয়ারিতে তিউনিসিয়ার দায়িত্ব গ্রহণ করেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তার ওপর চাপ তৈরি হয়েছিল। গত ৬ জুন ব্রাসেলসে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হারের পর থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি।
ফরাসি এই কোচ এর আগে ২০১৪ বিশ্বকাপে আইভরি কোস্ট জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। তবে সেবারও তার দল গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়েছিল।
বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে বড় পরাজয়ের পর শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো লামুশিকে। এখন নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তিউনিসিয়ার সামনে।




















