সারাদেশ

লালপুরে জেলা প্রশাসকের থানা পরিদর্শন ও বাল্যবিবাহ-সাইবার অপরাধ বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

  লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ , ৭:২০:২৯ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুরে জেলা প্রশাসকের থানা পরিদর্শন এবং বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।​আজ ২৫ জুন  সকাল ১১:০০ ঘটিকায় নাটোর জেলার সম্মানিত ও সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় লালপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আইনগত সেবার মান বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।​পরবর্তীতে দুপুর ১২:০০ ঘটিকায় লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য সেবার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।​সভায় মাদকাসক্তি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা এবং গুজব প্রতিরোধে সচেতনতা সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন।​লালপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সম্মানিত জেলা প্রশাসক।​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, স্থানীয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিলমাড়ীয়া এলাকার সম্মানিত সুধীজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।​সভায় বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content