আন্তর্জাতিক

সিরিয়া সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ২:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়।

একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানান, বিস্ফোরণগুলো বেসামরিক মানুষের ব্যস্ত একটি এলাকায় ঘটেছে। তিনি ঘটনাটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে হতাহতের আশঙ্কার কথা জানান।

সংবাদমাধ্যম আল জাজিরা যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদক জানান, বিস্ফোরণগুলোর একটি পর্যটন মন্ত্রণালয়ের কাছে এবং আরেকটি সেই হোটেলের আশপাশে ঘটে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য রাজধানী সফরে এসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অবস্থান করার কথা ছিল।

ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং নির্ধারিত সূচি অনুযায়ী সফর অব্যাহত রয়েছে।

দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদ এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানান, সেখানে পরিস্থিতি ‘মোটামুটি শান্ত’ রয়েছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী আশপাশের সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহেও দামেস্কের কেন্দ্রস্থলের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়। এ ছাড়া আরও ২০ জন আহত হন বলে জানিয়েছিল সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content