শিক্ষা ও শিক্ষাঙ্গন

ঢাকায় জমকালো অনুষ্ঠানে ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’র আনুষ্ঠানিক যাত্রা

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ৭:০৮:৩৫ প্রিন্ট সংস্করণ

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’ (Avenzoar International School)। পূর্বের ‘অনলাইন ফাউন্ডেশন স্কুল’ (Online Foundation School) নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও বিস্তৃত লক্ষ্য নিয়ে এখন থেকে এই নতুন নামে তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

আজ শনিবার ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস’ মিলনায়তনে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভেনজোর-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী খান মো. আকতারুজ্জামান। উল্লেখ্য, তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল (Averroes International School) এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল (Pearson Edexcel)-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান, এভেনজোর ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান জনাবা সাজেদা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপালবৃন্দ, লিডার্স ফোরামের সদস্যবৃন্দ এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিনসহ বিভিন্ন শাখার শিক্ষা প্রশাসক, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, বিজ্ঞানী ও গবেষক ইবনে জুহর (Avenzoar)-এর নামানুসারে এই নতুন নামকরণ করা হয়েছে। এভেনজোর কেবল একটি নাম নয়, এটি বিশ্বমানের শিক্ষা বিনির্মাণের একটি অঙ্গীকার। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই অর্জন করবে না, বরং তারা প্রশ্ন করতে শিখবে, উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে বিশ্বমানের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ফাউন্ডিং চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান বলেন, ‘আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। আমাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল্যবোধ ও শিক্ষার মান অপরিবর্তিত রয়েছে।’

তিনি আরও জানান, ইনশা-আল্লাহ চলতি বছরের ডিসেম্বর মাসেই এভেনজোর আরও বৃহত্তর পরিসরে তাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আরও খবর

Sponsered content