সারাদেশ

নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর নিয়ে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ সভা

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ  প্রতিনিধিঃ ১২ জুলাই ২০২৬ , ৪:১৯:২০ প্রিন্ট সংস্করণ

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের নিউ মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার আয়োজনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। তিনি বাংলা কিউআর ব্যবস্থার বিভিন্ন সুবিধা তুলে ধরে বলেন, ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও দ্রুত করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসায়ীরা এ সেবা গ্রহণ করলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি বলেন, আম মৌসুমকে সামনে রেখে সাপাহার শাখায় পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে আম ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী সহজেই অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাপাহার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, ব্যবসায়ী শামীম আহমেদ, মতিউর রহমান, মজিবুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, প্রতি বছর আম মৌসুমে বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে পূবালী ব্যাংক প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করায় এবার তারা স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারছেন।
বক্তারা ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বাড়বে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ীরা স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবেন।

আরও খবর

Sponsered content