সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১৩ অক্টোবর ২০২৬ , ৬:২৯:০৮ প্রিন্ট সংস্করণ

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, অগ্নিনিরাপত্তা প্রদর্শনী ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রিন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে। এ সময় দুর্যোগের ঝুঁকি কমানো, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের যুগ্ম সচিব আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচির মাধ্যমে মানুষ দুর্যোগের সময় নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষায় সচেতন হচ্ছে এবং প্রস্তুতি নেওয়ার সক্ষমতা অর্জন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শাহিনুর আলম এবং গ্রিন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও খবর

Sponsered content