নওগাঁ প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ৩:২২:০০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি, যাতায়াত সহজ করা ও দাপ্তরিক কাজে গতি আনতে ১৩৭ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে দায়িত্ব পালনের জন্য তাঁদের নিয়মিত বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রাম পুলিশের যাতায়াত সহজ করা এবং তাঁদের সেবার মান বাড়াতেই সরকারের এ উদ্যোগ। নতুন বাইসাইকেল পাওয়ায় তাঁদের দৈনন্দিন কাজের গতি বাড়বে। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন। বাইসাইকেল বিতরণের ফলে মাঠপর্যায়ে তাঁদের দায়িত্ব পালন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।





















