সারাদেশ

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১২:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী- এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এ সময় তিনি জানান, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে নিরাপদে মাংস সংরক্ষণ ও বাজারজাত করা সম্ভব হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

আরও খবর

Sponsered content