সারাদেশ

দীর্ঘ ১ মাস ২২ দিন পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২১ জানুয়ারি ২০২৬ , ৬:৫৫:১৯ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১ মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানির অনুমতি দেওয়ায় পুনরায় এই আমদানি কার্যক্রম শুরু হয়।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মেসার্স ডি পি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ভারতীয় ট্রাকে করে মোট ৭৭ মেট্রিক টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
দীর্ঘদিন পর চালের এই প্রথম চালান বন্দরে প্রবেশ করায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।
হিলি কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ নভেম্বর থেকে ভারত থেকে হিলি বন্দরে চাল আমদানি বন্ধ ছিল। প্রায় ১ মাস ২২ দিন পর সরকারিভাবে শুল্কমুক্ত সুবিধায় আবারও চাল আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। দেশের বাজারে চালের চাহিদা বিবেচনায় নিয়ে এবং বাজার দর স্বাভাবিক রাখতে কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য ছাড়করণ করছে।
এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারককে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যদিও তিন দিন আগেই এই অনুমতিপত্র দেওয়া হয়, তবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content