খেলাধুলা

সেনেগালের নতুন কোচ প্যাট্রিক ভিয়েরা

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৯:৪১:৫৯ প্রিন্ট সংস্করণ

আর্সেনাল ও ইন্টার মিলানের সাবেক তারকা মিডফিল্ডার প্যাট্রিক নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেনেগাল। পাপে থিয়াওকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ভিয়ারাকে।

সেনেগালের রাজধানী ডাকারে জন্ম ভিয়েরার। তবে আন্তর্জাতিক ফুটবলে তিনি প্রতিনিধিত্ব করেছেন ফ্রান্সের হয়ে। ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

৫০ বছর বয়সী ভিয়েরা দায়িত্ব নিচ্ছেন থিয়াওয়ের কাছ থেকে। তার অধীনে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে সেনেগালের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী সময়ে সেই শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে দেওয়া হয়।

২০২৬ সালের বিশ্বকাপে সেনেগালের ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে পড়েন থিয়াও। শেষ ৩২-এর পর্বে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে সেনেগালের বিদায় নিশ্চিত হওয়ার পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ভিয়ারাকে নিয়োগ দেওয়া হয়েছে একটি ‘কৌশলগত পদক্ষেপ’ হিসেবে। দেশের ক্রীড়া-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চপর্যায়ের একটি কারিগরি কাঠামো গড়ে তোলাই এই নিয়োগের লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্রান্সের কান ক্লাব দিয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন ভিয়েরা। এরপর ইতালির এসি মিলানে সফল সময় কাটান তিনি। পরে স্বদেশি কোচ আর্সেন ওয়েঙ্গারের হাত ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনালে যোগ দেন।

১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্সেনালে থাকাকালে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন এই দুর্দান্ত মিডফিল্ডার। এরপর ইতালির জুভেন্টাসে যোগ দেন। পরে জুভেন্টাসের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানে খেলেন তিনি। ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০০ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জিতেছেন ভিয়েরা। জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ক্লাবের কোচ হিসেবে ভিয়ারার কোচিং ক্যারিয়ার শুরু হয়। ২০১৮ সালে ফ্রান্সের নিস ক্লাবের দায়িত্ব নিয়ে নিজ দেশে ফেরেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসে দুই বছর দায়িত্ব পালনের পর স্ট্রাসবুর্গ ও জেনোয়ায় এক বছর করে কোচ ছিলেন ভিয়েরা।

সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ভিয়ারার আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠান এবং নতুন দায়িত্বে তাঁর কার্যক্রম শুরুর পরবর্তী ধাপগুলো পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

সেনেগালের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ হওয়ার কথা ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আফ্রিকান ফুটবল মহাসংঘ এখনো গ্রুপগুলোর সূচি প্রকাশ করেনি। তবে সেনেগাল একই গ্রুপে পড়েছে মোজাম্বিক, সুদান ও ইথিওপিয়ার সঙ্গে।

২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা ফিরে পাওয়ার আশাও ছাড়েনি সেনেগাল। আফ্রিকান ফুটবল মহাসংঘের শিরোপা মরক্কোকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করেছে তারা। অথচ ওই আসরের ফাইনালে সেনেগালের কাছে পরাজিত হয়েছিল মরক্কো।

আরও খবর

Sponsered content