সারাদেশ

দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৭:২০:৩৯ প্রিন্ট সংস্করণ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা মামলায় দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী।

এর আগে আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে আগামী তিনদিনের মধ্যে যে কোনো দুইদিন তিন ঘন্টা করে মোট ছয় ঘন্টা জেলগেটে জিজ্ঞসাবাদের অনুমতি প্রদান করে।

রংপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, ‘আসামিরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ার পরে আইনি কিছু বাধ্যবাধকতার কারণে সাধারণত রিমান্ডে নেয়া হয় না। মামলার বিস্তর তদন্তের স্বার্থে আজ তিনদিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুইদিন তিন ঘন্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে।’

উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুস চক্রবর্তীর মরদেহ করে পুলিশ। খুনের ঘটনায় পর দিন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামে দুজনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। একই দিন বিকেলে গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। ওই দিন রাতে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয়।

বর্তমানে আলোচিত এ মামলাটির তদন্তভার কোতয়ালী থানা থেকে বদল করে গোয়েন্দা শাখায় (ডিবি) দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি জিনাত আলী এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা।

 

আরও খবর

Sponsered content