প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি: ১ সেপ্টেম্বর ২০২৬ , ২:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে মোংলা থানার দিগরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। একপর্যায়ে গোপাল সরকারকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার গোপাল সরকার মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদকদ্রব্যের অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি এবং এর পেছনে কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৬। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।





















