সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি: ৬ এপ্রিল ২০২৬ , ২:০৭:২৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা জেলা শহরের হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল অবৈধ ভারতীয় বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন—কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা এলাকার বটতলা গ্রামের বাসিন্দা মো. রেদুয়ান ইসলাম (২৫) ও মো. লুৎফর রহমান (২৯)।
ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ধানসিঁড়ি হোটেলের পশ্চিম পাশের পাকা সড়কের ফুটপাতে অবস্থান নিয়ে একটি চৌকস রেইডিং টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তাদের বহন করা ‘ম্যাক্স’ লেখা কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ব্যাগের ভেতরে পুরোনো কাপড় দিয়ে বোতলগুলো মোড়ানো ছিল।
ডিএনসি জানায়, উদ্ধারকৃত মদগুলো ভারতের তৈরি ‘আইস ভদকা’ ব্র্যান্ডের। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মোট প্রায় সোয়া ৮ লিটার মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী কলমাকান্দা এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে জেলা শহরে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















