প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ১:৫৮:১৩ প্রিন্ট সংস্করণ
সরকার শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘আগামীকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সালের সঙ্গে অন্য প্রার্থীর শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে কোনো পক্ষপাত হচ্ছে না।’
একই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
আজ বুধবার বিশ্ব হাত ধোয়া দিবসে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে আয়োজন করবে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার।
বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন- ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মো. মালালায় আহমদজাই এবং ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেস নরয়াল এবং ইউনিসেফের চিফ অব ওয়াশ মো. পেটার মেইস।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করে মীর শাহে আলম বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি জানান যে, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।
ঢাকা শহরের নাগরিক সেবা ও পানির সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ নদীর পানি শোধন করে সংগ্রহ করা হয়। মাটির নিচের পানির ওপর চাপ কমাতে এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সরকার আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করার নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে তিনি জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে রোদ বা ভিটামিন ডির ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি পুষ্টির দিকেও নজর দেওয়া উচিত।
অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬-এর এই অনুষ্ঠানটি শেষ হয়।





















