প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ৪:১২:১৯ প্রিন্ট সংস্করণ
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে মো. দুলাল আলম নামে সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
মো. দুলাল আলম (৬৫) কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি নোয়াপাড়া গ্রামের লন্ডনি বাড়ির প্রয়াত আব্দুল লতিফের ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, এদিন পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করেন। এসময় তার মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য দুলাল আলমের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’





















