প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১২:১২:০৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের গৌরীপুরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় জুলাই আন্দোলনের শহীদ জোবায়েরের ছোট ভাই মো. কাউছার (২১) নিহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কাউছার উপজেলার পূর্ব কাউরাট গ্রামের মোহাম্মদ আনোয়ার উদ্দিন ও মোসা. নুরজাহান দম্পতির ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার গৌরীপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কাউরাট গ্রামে ফিরছিলেন। পথে গাভীশিমুল গ্রামের শেষ মাথায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কাউছার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।














