প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ১:০০:৪০ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইরান-সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগও আনা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার প্রকাশিত এক অভিযোগপত্রে ইরানি মোহসেন মোহাজেরি, ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি এবং দ্বৈত ইরানি-ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদির নাম উল্লেখ করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা ইউরোপের বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা ও সমন্বয় করেছিলেন। এসব হামলা ‘হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ (হায়ি) নামের একটি কথিত নতুন সংগঠনের নামে পরিচালিত হয়।
ডিওজের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের বসন্তে ইউরোপে সংঘটিত ১৮টি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিল সংগঠনটি। এর মধ্যে সাতটি হামলা হয়েছিল যুক্তরাজ্যে। এসব হামলার মধ্যে অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে। আহত দুজনের একজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।
গত এপ্রিলে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত একজনের আগামী বছর বিচার হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, আটটি ধারায় আনা এই অভিযোগ ইরানের যুক্তরাষ্ট্র ও ইউরোপে সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেছে। তার দাবি, অভিযুক্তরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর পক্ষে প্রায় ২০টি হামলার চেষ্টা চালিয়েছিলেন।
অভিযুক্ত তিনজনের মধ্যে একজন নিউইয়র্কের কারাগারে বন্দি রয়েছেন। আগের একটি মামলায় বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় সেখান থেকেই তিনি যুক্তরাজ্যে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যতে সহিংস হামলার জন্য সাংকেতিক বার্তা পাঠিয়েছিলেন বলে অভিযোগ করেছে এফবিআই। বাকি দুজন ইরান থেকে একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত আগস্টে আল-হাসানি যুক্তরাজ্যে থাকা সহযোগীদের অর্থ দিয়ে গ্লুচেস্টারশায়ারের কটসওল্ডসে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
২২ আগস্ট একজনকে ঘাঁটির নিরাপত্তাবেষ্টনী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে হামলার প্রস্তুতির জন্য কয়েকজনকে অর্থ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ডিওজের দাবি, অভিযুক্তরা হামলার প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি ভ্যান ও জ্বালানির ব্যারেল সংগ্রহ করেন। এ ছাড়া রাসায়নিক ত্বরক পদার্থ কেনার বিষয়ে খোঁজখবর এবং বিস্ফোরকের টুকরা হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন ধাতব বস্তু কেনার অভিযোগও রয়েছে।
ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহকারী ও সুইমিংপুলের সরঞ্জাম পরিবহনকারী প্রতিষ্ঠানের গাড়ির মতো সাজানো হয়েছিল বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর তিনটি ভ্যানকে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভ্যানগুলোর কয়েকটিতে জ্বালানিভর্তি ব্যারেল ছিল। আল-হাসানি চালকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের চলাচলের নির্দেশনাও দিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে ঘাঁটির নিরাপত্তাবেষ্টনীর দিকে যাওয়ার পথে অন্তত দুটি ভ্যান নিরাপত্তা চৌকিতে বাধার মুখে পড়ে এবং নির্ধারিত পথে এগোতে পারেনি।
পরদিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ভোরে স্থানীয় এক কৃষক পার্টি থেকে বাড়ি ফেরার পথে ঘাঁটির কাছে সন্দেহজনক তিনটি ভ্যান দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। এ ঘটনায় ওই এলাকায় বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে ভ্যানগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সেখান থেকে কিছু পরিমাণ পেট্রল জব্দ করা হয়েছিল।
এ ঘটনায় যুক্তরাজ্যে এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে এ ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককেও আদালতে হাজির করা হয়।
তবে আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ জল্পনা’ বলে অভিহিত করেছে।
ঘটনার পর যুক্তরাষ্ট্র ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের সব বোমারু বিমান সরিয়ে নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘাঁটিটির বিরুদ্ধে ‘কিছু হুমকি’ থাকার কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছিলেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সেখান থেকে বি-১ ও বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। ইরানের বিরুদ্ধে কথিত ‘প্রতিরক্ষামূলক’ সামরিক অভিযানেও এসব বিমান ব্যবহৃত হয়।
এর আগে গত জুলাইয়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাদের ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনে ব্যবহৃত যেকোনো সামরিক ঘাঁটি ইরানি বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





















