আন্তর্জাতিক

ইরানে ফের হামলা করতে চান নেতানিয়াহু, আইজেনকোটের আপত্তি

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ৩:১৪:৪১ প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের বর্তমান অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে ফের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাতে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

বুধবার গভীর রাতে কান চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়, জানায়, ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদ আইডিএফকে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর পদাধিকারবলে এ পরিষদের প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু।

সম্প্রচারমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, “নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া এই নির্দেশনার ফলে ইসরায়েলি সামরিক বাহিনী এমন সব কার্যক্রম পরিচালনা করতে পারে, যা যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।”

‘কান’ আরও জানায়, ইয়াশার পার্টির নেতা এবং ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট একটি বিবৃতি দেওয়ার পর এই নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। বিবৃতিতে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

“গাদি আইজেনকোট অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে এমন সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, যা পরবর্তী সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত স্থগিত রাখা সম্ভব”, বলা হয়েছে কান চ্যানেলের প্রতিবেদনে।

নিরাপত্তা মন্ত্রিসভার সর্বশেষ সরাসরি বৈঠকটি হয়েছিল ৫ অক্টোবর। ইসরায়েলের দৈনিক পত্রিকা ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী রবিবার মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

বুধবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে আইজেনকোট বলেছেন, “কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা উচিত নয়। এমন পদক্ষেপ ইসরায়েলি গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।”

পাশাপাশি তিনি নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা প্রধানদের এমন কোনো সাংবিধানিক সংকটে না ফেলার অনুরোধ করেছেন, যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হয় যে কোন আদেশটি তারা পালন করবেন।

এর আগে ১০ নভেম্বর (মঙ্গলবার) ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২ একটি প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান ইস্যুতে নেতানিয়াহু এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

চ্যানেলটির তথ্য অনুযায়ী, জামির মনে করেন নেতানিয়াহু যে পদক্ষেপ নিতে চাইছেন তা অবিবেচনাপ্রসূত। এমন সময়ে এই ধরনের পদক্ষেপ সংঘাত উসকে দিতে পারে,বিশেষ করে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো দ্বন্দ্বে জড়ানোর আগ্রহ দেখাচ্ছেন না।

আরও খবর

Sponsered content