প্রচ্ছদ » সারাদেশ » বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি, অভিযানে ৫০ কেজি ধ্বংস ও ৩২ হাজার টাকা জরিমানা
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি, অভিযানে ৫০ কেজি ধ্বংস ও ৩২ হাজার টাকা জরিমানা
শাহনেওয়াজ শাহ, বিজয়নগর প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৬ , ৬:২৪:৩১প্রিন্ট
সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও দোকানে মূল্যতালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০ কেজি বাসি ও খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাদ্যের মান ও সংরক্ষণের ক্ষেত্রেও গুরুতর অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধ স্বীকার করে দোকানমালিক ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার লিখিত মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মজুত থাকা প্রায় ৫০ কেজি বাসি ও খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়।
অন্যদিকে, একই বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে তদারকি চালিয়ে মূল্যতালিকা না রাখার দায়ে দুটি মুদিদোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।