নওগাঁ প্রতিনিধিঃ ১৩ নভেম্বর ২০২৬ , ৫:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে সশস্ত্র হামলার ঘটনায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী একটি পরিবার। প্রভাবশালী আসামিদের ক্রমাগত হুমকি-ধমকিতে বর্তমানে পরিবারটি চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
এ ঘটনায় আহত মো. আ. মতিন বাদী হয়ে গত ৫ নভেম্বর ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে মান্দা থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে থানায় নিয়মিত মামলা হিসেবে তা রেকর্ডভুক্ত হয়।
এর আগে গত ৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মান্দা উপজেলার জামদই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়ে বাদীর বাবা মো. মমতাজ হোসেন (৫০) ও মা মোছা. মুক্তা খাতুন (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সম্প্রতি তারা বাড়িতে ফিরে আসেন।
এজাহারের তথ্য অনুযায়ী, জামদই গ্রামের বাসিন্দা আ. মতিনের পরিবারের সঙ্গে একই গ্রামের মো. হযরত আলী ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে হযরত আলী (৬৫), তার ছেলে মো. আরিফুল ইসলাম (৩৫), মো. তোফাজ্জল হোসেন (৪৭), মো. সোহেল রানা (৩৮) ও মো. সিয়াম ওরফে শাওনসহ (২১) কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির খলিয়ানে অনধিকার প্রবেশ করেন।
এ সময় বাধা দিলে হযরত আলীর নির্দেশে আরিফুল ইসলাম ধারালো হাঁসুয়া দিয়ে মমতাজ হোসেনের মাথায় কোপ দেন। পরে সোহেল রানা ও তোফাজ্জল হোসেন লোহার শাবল ও লাঠিসোঁটা দিয়ে মমতাজ হোসেন ও তার স্ত্রী মুক্তা খাতুনকে পিটিয়ে মারাত্মক জখম করেন। এ সময় হামলাকারীরা মমতাজ হোসেনের পকেট থেকে ব্যবসার নগদ ৫৬ হাজার ৩১৩ টাকা ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। চিকিৎসাধীন অবস্থা থেকে বাড়ি ফেরার পর থেকেই চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
অপরদিকে, এ বিষয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
মামলার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, “এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”





















