প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৭:০৮:০৭ প্রিন্ট সংস্করণ
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু থেকেই একের পর এক নতুন নজিরের জন্ম দিচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ১৭ দিনে ৭২টি ম্যাচ শেষে পর্দা নেমেছে গ্রুপ পর্বের। দর্শক উপস্থিতি, খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন এবং বিভিন্ন অনন্য ঘটনার কারণে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর।
এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে রেকর্ড ৪৮টি দল। ফলে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয়েছে ৭২টি ম্যাচ, যা শেষ করতে সময় লেগেছে ১৭ দিন। এর আগে ৩২ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং তা শেষ হতো ১২ থেকে ১৩ দিনের মধ্যেই।
দর্শক উপস্থিতির দিক থেকেও নতুন ইতিহাস গড়েছে ২০২৬ বিশ্বকাপ। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩৫ লাখ ৮৭ হাজার ৫৩৮ দর্শকের উপস্থিতি ছিল রেকর্ড। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গ্রুপ পর্বে মাঠে এসেছেন ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন দর্শক।
মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়াম আবারও ইতিহাসের অংশ হয়েছে। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর ২০২৬ বিশ্বকাপেরও উদ্বোধনী ম্যাচ আয়োজন করে এটি বিশ্বকাপ ইতিহাসে তিনটি উদ্বোধনী ম্যাচ আয়োজনকারী একমাত্র স্টেডিয়াম হিসেবে নাম করেছে। এছাড়া মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো তিনজন ফুটবলার লাল কার্ড দেখেন। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিটহোল ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মোন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যান এবং পরে আরও গোল করে নিজের রেকর্ডকে সমৃদ্ধ করেন। এছাড়া আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৩৮ বছর ৩৫৭ দিন) হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন। একই সঙ্গে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজের ম্যাচ জয়ের সংখ্যা ১৯-এ উন্নীত করে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গেছেন তিনি। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা তাকে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর উপরে এককভাবে বসিয়েছে।
পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে, কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকাট ৭৮ বছর বয়সে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বয়সী কোচ হওয়ার রেকর্ড গড়েছেন। এছাড়া কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ৯০ মিনিটের মধ্যে ১৫টি সেভ করে নতুন নজির স্থাপন করেছেন।




















